নায়েব সাহেব হুজুর দা.বা. (রাহমানিয়া)
(০৭-০৯-২৬ ঈ. তারিখে জামি‘আতুল আবরারের তালিবুল ইলমদের উদ্দেশ্যে প্রদত্ত বয়ান)
হামদ ও সালাতের পর
তালিবুল ইলমদের জন্য জরুরি হল একসুঈ। অখন্ড মনোযোগ।আর এরজন্য প্রয়োজন হল, মন্দ সংসর্গ থেকে বেঁচে থাকা।মন্দ সঙ্গী দুই ধরণের হয়।
এক. রুহবিশিষ্ট। দুই. রুহবিহীন।
রুহবিশিষ্ট মন্দ সঙ্গী হল, তোমার পড়া নষ্ট করে যে বন্ধু। সে তোমার ভালো চায় না দেখেই তোমার পড়া নষ্ট করে ভালো আলেম হতে দেয় না।
আর রুহবিহীন মন্দ সঙ্গী হল, মোবাইল। এটাই এখন তালিবুল ইলমের সবচেয়ে বড় শত্রু। মোবাইলের কারণে কমপক্ষে চারটি ক্ষতি হয়।
১. সময় নষ্ট। মোবাইল চালানোর কারণে সে বাবা-মায়ের খেদমতের সময় পায় না। জামাতে নামাজ পড়ার সময় পায় না। পাবে কি করে? মোবাইল টিপেই তো সে সময় পায় না।
২. স্বাস্থ্য নষ্ট। মোবাইল মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। এটা এখন সবাই বুঝে। সারারাত মোবাইল চালায়। ঘুম নষ্ট। আজেবাজে ভিডিও দেখে। যৌবন নষ্ট।
৩. চরিত্র নষ্ট। চরিত্র মানুষের অনেক দামি জিনিস। চরিত্রের কারণেই মানুষের দাম বাড়ে। তোমার বন্ধুদের মধ্যে তুমি চরিত্রবান। তোমার দাম বেশি। উস্তাদদের মধ্যে তোমার চরিত্র সবচেয়ে সুন্দর । তুমি সবার শ্রদ্ধার পাত্র। মানুষের চোখে তোমার দাম বেশি থাকবে, যদি তুমি চরিত্র ঠিক রাখো। আর আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন তো তোমার দাম সবেচেয়ে বেশি। মোবাইল মানুষের এই দামি জিনিস-চরিত্র নষ্ট করে। একজনের স্বামী অন্যজনের বউয়ের সাথে কথা বলে। অবৈধ সম্পর্ক করে। ৪০ বছরের মহিলা সংসার ছেড়ে চলে যায় মোবাইলের কারণে।
৪. টাকা পয়সা নষ্ট। আগে মানুষ কয়েকজন মিলে বসে জুয়া খেলত। এখন আর মানুষের একত্র হ্ওয়া লাগে না। মোবাইলেই জুয়া খেলে। পুরো এলাকায় দুই আনা মানুষ কিছু পায়। আর বাকি ষোল আনার চৌদ্দ আনাই টাকা পয়সা হারায়। কোটি কোটি টাকার মালিক, জুয়ায় জায়গা-জমি, টাকা পয়সা সব হারিয়ে পথের ফকির। অনেক ঘটনা আছে এরকম। এক দুইজনকে দেখে লোভে পড়ে সব হারায়।
তো, আমরা দুই ধরণের মন্দ সঙ্গী থেকেই বেঁচে থাকবো।
আর একটা আমলের কথা বলি।প্রতিদিন দুই পৃষ্ঠা করে কুরআন শরীফ সকালবেলা ইয়াদ করবা।তারপর সারাদিন সুন্নাত-নফল নামাযে সেটা তেলাওয়াত করবা। এভাবে ইনশাআল্লাহ দশ মাসে কুরআন খতম হয়ে যাবে। যাদের ইয়াদ নাই তাদেরও তারাবির ফায়দা হবে, আর সকলের তো ফায়দা হবেই। মাত্র দুইপৃষ্ঠার কথা বললাম। এটা পড়তে তেমন সময়ও লাগে না, কষ্টও হবে না।
আল্লাহ তা‘আলা আমাদের সকলকে আমলের তাওফীক দান করুন। আমীন।